র্যাব-১১ কুমিল্লা এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় আসামী ইমরান (২৮), মোস্তফা (৩২) ও রুবেল (২৫) কে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
জানা গেছে, গেলো ১০ সেপ্টেম্বর দুপুরে স্কুলে যাওয়ার পথে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান (১১) নিখোঁজ হয়। একই দিন রাত নয়টায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহান’কে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে শিশু রিহান’কে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
পরে শিশুর বাবা মো. শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখ’সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার পেক্ষিতে কাজ শুরু করে কুমিল্লা র্যাব-১১। বৃহস্পতিবার রাতে র্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল এই হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামী কুমিল্লা কোতয়ালী মডেল থানার সুজানগরের সুজনের ছেলে ইমরান (২৮) এবং একই উপজেলার জগন্নাথপুরের মৃত খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫)কে আটক করে র্যাব-১১।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রিহান (১১)কে বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় রিহান’কে অপহরণ করে নিয়ে যায়। পরে হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।