কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা ১০-১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হাড়িখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০-১২ জন বাসযাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীরও মৃত্যু ঘটে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুল হক।