POPULAR BD NEWS
Popular BD News Logo

যে কারণে এশিয়া কাপে খেলছেন না তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩ | সময়: ১২:৩৫ অপরাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলবেন না দেশসেরা এ ওপেনার।

দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। সম্প্রতি লন্ডনে গিয়ে চিকিৎসাসেবা নিয়ে দুদিন আগে দেশে ফিরেছেন। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। ততদিনে তামিম কতটা ফিট হয়ে উঠতে পারবেন, সেই সংশয় আছে। ফিট হয়ে উঠলেও প্রস্তুতির ঘাটতি থাকবে নিশ্চিতভাবেই। তামিমের যে পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে, তাতে ২১ আগস্টের আগে সবটুকু তীব্রতায় অনুশীলন শুরুই করতে পারবেন না। তাই কোনো ঝুঁকি না নিতে এবং শেষ সময়ের জন্য টানাপোড়েন না রাখতেই এশিয়া কাপে না খেলার এই সিদ্ধান্ত।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, তামিম পিঠের সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিল। এক বছরের ওপরে হবে চিকিৎসার জন্য বাইরে গেছে। অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছে, কথা বলেছে। সম্প্রতি লন্ডনে চিকিৎসা নিয়েছে। সেখানে ধরা পড়েছে যে, তার ডিস্ক (পিঠের নিচের অংশ) এল ফোর ও এল ফাইভে সমস্যা আছে। ওখান থেকে ব্যথাটা আসে। ওকে সেখানে দুই দফায় ইনজেকশন দেওয়া হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার যে, কত তাড়াতাড়ি তামিম ফেরত আসে। এশিয়া কাপটা ওকে বললে হয়তো ও খেলে ফেলবে। আমি জানি যে, ওকে যদি বলি যে খেলতে হবে এশিয়া কাপ, ও খেলে দেবে। কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে যদি ওর অবস্থা খারাপ হয়, তা হলে তো চিরস্থায়ী ক্ষতির দিকে চলে যাবে। আমরা সেটি চাই না। বরং একটা এশিয়া কাপ মিস করবে, তার পরও সুস্থ হয়ে ফিরে আসুক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন