ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে মর্মান্তিক এঘটনা ঘটে।
নুরজাহান ও নুহা ঐ বাড়ির কাউছার-নাজমা দম্পতির দুই মেয়ে। দুই শিশুকন্যাকে হারিয়ে বাকরূদ্ধ পিতা-মাতা। এলাকায় শোকের ছায়া।
সরেজমিন গিয়ে জানা যায়, ঐ বাড়ির কাউছার সপরিবারে ঢাকাতে বসবাস করেন। গত কোরবানীর ঈদে গ্রামের বাড়িতে আসেন। আগামী ৬/৭ আগস্ট স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। তাই আর ঢাকাতে যাওয়া হয়নি।
সোমবার দুপুরে সন্তানসম্ভবা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দাদী নাছিমা বেগমের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দিবেন বলে একটু অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তারা দাদীর জন্য অপেক্ষা না করে বসতঘরের পাশেই ঘাটলা দিয়ে পুকুরে নেমে যায়। কিছুক্ষণের মধ্যইে তারা পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় ছালেহা বেগম নামে জনৈক মহিলা ঐ ঘাটলা দিয়ে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সাথে লাগে। পরে দুই শিশুকেই পাওয়া যায় সেই পানির নিচে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।