আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্ধকৃত মাছ, চাল, আলু এবং রুটিসহ বিভিন্ন খাবার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় রান্নাঘরের রেজিয়া বেগম ও তার নাতি সাকিলকে হাতেনাতে আটক করেছে স্থানীয় যুবকেরা। ওইসময় নিয়ে যাওয়া খাবার সামগ্রী রেখে সাকিলকে উত্তম মাধম দেয়া হয়। পরে চাঁদপুর মডেল থানার এস আই শহরিন তাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গনে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের পূর্বদিকের গেট দিয়ে রান্নাঘর থেকে বাবুর্চি রেজিয়া বেগমেরর নাতি শাকিলের মাধ্যমে বস্তায় করে প্রায় ১০ কেজি ওজনের কাটা রুই মাছ, চাউল এবং ৮/১০ কেজি আলু ও পাউরুটিসহ রোগীদের বিভিন্ন খাবার সামগ্রী অন্যত্র বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে পাহারা দিয়ে বাবু নামের এক যুবক, এ্যাম্বুলেস চালক কাউসার ও রাজ্জাক তাকে হাতে নাতে ধরে ফেলেন। তারা দাবী করেন, রোগীদের খাবার চুরি করে অন্যত্র বিক্রি করার সাথে ঠিকাদাররাও জড়িত রয়েছেন।
ঠিকাদার সঞ্জিত পোদ্দারের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের এমন খাবার চুরি করার অভিযোগ পেয়েছি। তাদেরকে অনেক সতর্ক করেছি। তাদের এমন ঘটনার জন্য তিনিও চান তাদের শাস্তি হোক।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল আহসান চৌধুরী বলেন, বিষয়টি অবগত হয়েছি। তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে জানান তিনি।