POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ

সৌদি আরবে আল হুফুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। বুধবার (১২ জুলাই) দুপুরে শাহাদাতের ছোট ভাই জামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহাদাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার শাহজাহান মাঝির ছেলে।

সৌদি আরবে কর্মরত শাহাদাতের সহকর্মীদের বরাতে জামাল উদ্দিন জানান, গত ৮ জুলাই ভোরে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত গুরুতর আহত হন। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে আইয়ুন নামে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পর তাকে কিং ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, আমরা মেঘনা নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দা। নদীর ভাঙনে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। পরিবারের অভাব ঘোছাতে ২০১৯ সালে আমার ভাই শাহাদাত সৌদি আরব যান। ভাইয়া সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভাইয়ার মরদেহ দেশে আনতে আমরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় আইনগত সহায়তা করব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন