বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় এবছর বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের। গত ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ হাজার ৫২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার। রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭ শতাংশ।
শনিবার (১৭ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ইপিবির পরিসংখ্যান অনুসারে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের। গত ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ হাজার ৫২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার। রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ।
পোশাক রপ্তানির এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি অর্থবছরের জুলাই-মে মাসে ইইউতে দেশের পোশাক রপ্তানি ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২২৩ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলারে। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ হাজার ৩০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এরমধ্যে ফ্রান্স ও ইতালিতে পোশাক রপ্তানি যথাক্রমে ২ হাজার ৬৬২ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ও ২ হাজার ৬০ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ শতাংশ ও ৪৪ দশমিক ৮১ শতাংশ।
তবে রপ্তানি কমেছে জার্মানিতে। দেশটিতে পোশাক রপ্তানির কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ হাজার ৫০৫ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।
সূত্র: দৈনিক ইত্তেফাক
E/N