POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ কারাগারে

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৯, ২০২৩ | সময়: ৬:২৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুদিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন পরিদর্শক জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন। ওইদিন (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন