POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্ষতিকর রং-রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল মসলা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৪, ২০২৩ | সময়: ৪:১০ অপরাহ্ণ

ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি-বিক্রির অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাইয়ের একটি ‘মিলে’ অভিযান চালিয়ে এই ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৪০), মোহাম্মদ শরীফ হোসেন (৪০), মোহাম্মদ আলাউদ্দিন (৩৬), মোহাম্মদ জিলানী (২০), মোহাম্মদ সুজন (১৯), মোহাম্মদ সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মোহাম্মদ সজল (৪৩), মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৮) ও মোহাম্মদ কামরুল হাসান (২৫)।

তাঁদের মধ্যে জসিম উদ্দিন মিলটির মালিক। র‍্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার আজ বুধবার  বলেন, ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মেশানো প্রায় ৬০০ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়াগুঁড়া জব্দ করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

তাঁরা বিভিন্ন ধরনের মসলার সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মেশানোর পর তা (ভেজাল মসলা) চট্টগ্রাম জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে। ১০ ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন