শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতিযোগিতায় সৃষ্টিশীল অঙ্গীকার লিখে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রথম হয়েছে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী আদিবা আজম মাটি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ প্রতিযোগিতার আয়োজন করে।
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ‘শিক্ষায় রূপান্তর-আমাদের বিজয়’ শীর্ষক শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় সারাদেশে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে মাটি।
সোমবার (২২ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় দিবসসমূহে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘বিজয় উৎসব’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও মাউশির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আদিবা আজম মাটি। অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উপভোগ্য।
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মাউশি নির্ধারিত বিষয়ে শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এছাড়া ২০২২ সালের জাতীয় শোক দিবস, শেখ রাসেল দিবস এবং বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রাতিষ্ঠানিক দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সূত্র: কালের কণ্ঠ
E/N