POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে আহত চালকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৭, ২০২৩ | সময়: ৫:২০ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর লুধুয়া এলাকায় ওই দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

মারা যাওয়া অটোরিকশাচালকের নাম মাহবুব হোসেন (৩০)। তিনি উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন পাটোয়ারীর ছেলে। মাহবুব বিবাহিত ও এক সন্তানের বাবা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় নিজের সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে মাহবুব হোসেন উপজেলার ছেংগারচর এলাকা থেকে উত্তর লুধুয়া এলাকার দিকে যাচ্ছিলেন। উত্তর লুধুয়া এলাকায় ঢুকতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে মাহবুব গুরুতর আহত হন। তাঁর মাথা, পিঠ ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। স্থানীয় লোকজন মাহবুবকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা তাঁকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কাভার্ড ভ্যানের চালককেও আটক করা যায়নি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন