POPULAR BD NEWS
Popular BD News Logo

আঙুলের কারসাজি

নিঝুম খান | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ২:৩২ অপরাহ্ণ

কেউতো আমায় গ্রহণ করেনি, পৃথা
অর্থ এখানে মানুষের মাপকাঠি
যদিবা এসব শব্দাপচয় বৃথা
জেনে নাও তবু সঙ্গত সংজ্ঞাটি।

মানুষেরা জেনো স্রষ্টার মতো একা
ভেসে যায় রোজ দিকভ্রান্তের দলে
পেয়ে যেতে পারো ভিসুভিয়াসের দেখা
চোখ রাখো যদি আগুনের কোলাহলে।

চোখের কবর নশ্বর মানুষেরা
পেতে চায়-ডুবে যেতে চায় অঙ্গারে
মহাজগতের অমোঘ আঁধারে ফেরা
এতোই সহজ-ছুঁতে চেয়েছিলে যারে!

জোনাকিরা ওড়ে আত্মাহুতির লোভে
সহসা দেখেছো বিপন্নপ্রায় আলো
আমিতো জেনেছি ভাষাগত বিক্ষোভে
বিপুল অসুখে জোনাকিরা চমকালো।

যাবতীয় ঋণ একদিন যাবে চুকে
অন্ধ মালিনী চেনে না— কৃষ্ণচূড়া
অথচ প্রতিটি কয়েদীর হাসিমুখে
রেখেছি তোমার দৃষ্টির তানপুরা।

নাম ধরে ডেকো জিকিরের জবানিতে
থেকে যেতে পারি মৃত্যু যখন রাজি
প্রশ্ন পাঠাবো আগামীর কোনো শীতে
ছুঁতে চাও যদি আঙুলের কারসাজি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন