চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে।
এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে দশ জনকে আটক করা হয়।
শনিবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ।
মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুফ বালু উত্তোলন করার খবর আসে। এসময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁনকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ দশ জনকে আটক করি।
তিনি আরও জানান, আটককৃতদের মোবাইল কোর্টে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।