পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজযাত্রীরা। এ নিয়ে আটবার চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলো।
গতকাল বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ পালনে যেতে পারবেন। নির্ধারিত সময়ে নিবন্ধনের কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলো।
চলতি বছর হজ পালনে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে ও ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত আছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক্-নিবন্ধন করে হজ পালনে যাওয়ার সুযোগ আছে।
সৌদি আরব সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথা আঙুলের ছাপপদ্ধতি চালু করতে যাচ্ছে। এ জন্য হজযাত্রীদের ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে রাখতে বলা হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন সাবমিট করার জন্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: প্রথম আলো
E/N