আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ এপ্রিল) কমিশনের একটি সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই কাগজের ব্যালটে ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হবে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতানৈক্য ছিল। এসব মতানৈক্যের মধ্যেই ইসি ঘোষণা করে তারা ১৫০ আসনে ইভিএমে ভোট নেবে। কিন্তু এতে অসংখ্য ইভিএম মেশিন প্রয়োজন ছিল। ফলে ইভিএম কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প নিলেও সেটি অনুমোদন দেয়নি একনেক। ফলে আটকে যায় ইভিএম কেনা। সে সঙ্গে ইসির দেড়শ আসনে ইভিএমে ভোটের স্বপ্নও সেখানেই থেমে যায়।
পরে ইসি জানায়, তাদের কাছে যতটা মেশিন আছে সেগুলো দিয়ে যতগুলো আসনে সম্ভব হয় তাতে ভোট নেবে সংস্থাটি।
তবে ইসির কাছে যে ইভিএম আছে, সেগুলোরও অধিকাংশ নষ্ট। ফলে সেগুলো সারাতেও অনেক টাকা ও সময়ের প্রয়োজন। সে টাকা অর্থ মন্ত্রণালয় দেবে না এমনকি ইসির কাছেও নেই বলে সে পথে আর পা বাড়াচ্ছে না ইসি।
এ বিষয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘অর্থমন্ত্রণালয় থেকে এ মেশিন মেরামতের জন্য যে ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছিল; এ অর্থ প্রাপ্তির অনিশ্চয়তার কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।’
সভার পর সাংবাদিকদের দেশের পাঁচটি সিটি করপোরেশনে ভোটগ্রহণের তারিখটিও জানান ইসি সচিব। আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগুহণ করবে ইসি।
সূত্র: কালের কণ্ঠ
E/N