রাহুল গান্ধীকে এমপি পদে অযোগ্য ঘোষণার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ করেন কংগ্রেস দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গত শুক্রবার রাহুলের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত আসার পর রাজধানী নয়াদিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে প্রথম আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচি পালন করে কংগ্রেস।
বিজেপির নেতাদের কটূক্তির দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আইনসভায় আমার শহীদ বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমার মাকে অপমান করা হয়েছে। ভাইকে (রাহুল) মীরজাফর আখ্যা দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আপনার দলের এক মুখ্যমন্ত্রী তো একবার বলেছিলেন, ‘রাহুল তো জানেনই না, ওর বাবা কে।’ এর পরও তো ওসব নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” প্রিয়াঙ্কা দাবি করেন, বারবার আপত্তিক মন্তব্যের পরও তাঁর পরিবার চুপ থেকেছে।
২০১৯ সালের এক নির্বাচনী জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বিজেপিশাসিত গুজরাট রাজ্যের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। এর পরদিনই লোকসভায় সচিবালয় তাঁর এমপি পদ বাতিল ঘোষণা করে।