হাজীগঞ্জে অবৈধ ড্রেজারে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের মোল্লাডহর গ্রামের কৃষি মাঠে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
দীর্ঘদিন ধরে সরকারি খালের পাশে কৃষি জমির পাড় বেঁধে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই সময় তিনি জমির মালিক মো. মিজানুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
ওই সময় অবৈধ ড্রেজারের পাইপগুলো ধ্বংস এবং জমির মালিকসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।