POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে শিশুকে রেখে চলে গেছেন মা!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১, ২০২৩ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের একটি ছেলে শিশুকে রেখে তার মা পালিয়ে গেছে।

বুধবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করেছে। এসময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেছে।

বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি ভিক্ষা করেন। হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেয়। একটু আসি বলে ওই নারী ২ ঘণ্টাতেও আর ফেরেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না।

সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসেছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান বৃদ্ধা। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে ২ ঘণ্টা পরও ফেরেনি মা। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন