POPULAR BD NEWS
Popular BD News Logo

পরকীয়ার বলি শিশু : মায়ের যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জের ধরে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শিশুর মাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি উভয়কেই ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

অপর একটি ধারায় আদালত তাদের সাত বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় প্রদান করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জামালপুরের মাদারগঞ্জ এলাকার লিচু আকন্দের ছেলে সোলাইমান এবং আমৃত্যু দণ্ডপ্রাপ্ত শিশুর মা পটুয়াখালীর গলাচিপা এলাকার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস।

এর সত্যতা নিশ্চত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লায় নন্দলালপুর এলাকার বেকারির গলি থেকে এক বছর বয়সী অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের তিন দিন পর হত্যাকাণ্ডের স্থান শনাক্ত করে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দম্পতির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। শিশুটির নানির দেওয়া জবানবন্দির পরিপ্রেক্ষিতে পরকীয়া প্রেমিকসহ শিশুর মাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন। উচ্চ আদালতে যেন এই রায় বহাল রাখেন আমরা সেই প্রার্থনা করছি।

সূত্র:কালের কণ্ঠ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন