পাঁচজনের সংসার। ইউসুফ গাজী পেশায় কৃষক। দুই গাভীর দুধ বিক্রি করে সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণের খরচা মেটাতো।
সেই গাভীগুলোসহ পুরো খামারে থাকা আরো একটি ষাঁড় ও দুইটি বাচুর চুরি হয়ে গেলো।
সোমবার দিবাগত রাতে ইউছুফ গাজীর সাজানো সংসারের অবলম্বনটুকুকে কেড়ে নিয়ে গেলো চোরচক্র।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের বেলঘর পদুয়া গাজী বাড়ীতে।
ইউছুফ গাজী কান্না জড়িত কন্ঠে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তার খামারে প্রায় সাত লাখ টাকার গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন খামারের দরজার তালা কাটা।
তার স্ত্রী নারগিস বেগম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলের ভরণপোষণ পড়াশোনা ও সংসারে দৈনন্দিনের চাহিদা মিটাতে একমাত্র সম্বল ছিলো গরুগুলো। খামারে থাকা গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো তারা। শেষ সম্বলটু্কু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, খবর পেয়ে তাদের সান্ত্বনা দিয়েছি। আইনানুগ প্রক্রিয়ায় চোরচক্রটি সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী দাস বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।