শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোজিনা বেগম (৩০) নামে এক পকেটমারকে আটক করে থানা হেফাজতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত রোজিনা বেগম রোগী সেজে হাসপাতালের বহিঃবিভাগ থেকে টিকেট কেটে ল্যাব টেকনিশিয়ানের কক্ষে যান। সেখানে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীর সারিবদ্ধ লাইনে দাঁড়ান। লাইনে থাকা রোগী’বেশী রোজিনা বেগম ওই সময় জনৈক রোগীর ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করলে পেছনে থাকা অপর রোগী তাকে হাতনাতে ধরে ফেলে।
ওই সময় চিকিৎসা নিতে আসা রোগীদের ডাকা ডাকিতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারিসহ উপস্থিত লোকজন ছুটে এসে ঘটনা জানতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে থানা পুলিশের হেফাজতে দেন।
ওই সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী গ্রামের মিয়াজি বাড়ির প্রবাসী আবুল বাসেরের স্ত্রী শিরিন আক্তারের (৩৮) ১৯০০ টাকা, দারুনকরা গ্রামের ফরাজি বাড়ির ফখরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের (৫২) ১০৩০ টাকা চুরি হয়েছে বলে তারা জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, প্রায় দিনই চুরির এমন ঘটনা ঘটছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আমরা সর্তক বার্তা দিয়ে আসছি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করেছি, তারা অভিযোগ দায়েরে অনিহা প্রকাশ করেছে। আটককৃত মহিলার অভিভাবক না আসলে তাকে আদালতে প্রেরন করা হবে।
আটককৃত রোজিনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ডলমন্ডল গ্রামের ইয়াকুব সর্দ্দার বাড়ির শাহিনের স্ত্রী ।