POPULAR BD NEWS
Popular BD News Logo

হয়রানির বিষয়ে নিশ্চুপ ৮৫% নারী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর হয়রানি বেড়েছে। ভুক্তভোগী ৮৫ শতাংশ নারী এসব বিষয়ে নীরব থাকেন। ৯০ শতাংশের বেশি নারী মামলা করতে চান না।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ এবং বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা যায়।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের তথ্য অনুযায়ী, এই বিভাগ প্রতিষ্ঠার পর গত দুই বছরে ২২ হাজার ৭৩২ জন নারী সাইবার স্পেসে হয়রানির বিষয়ে যোগাযোগ করেছেন। এর মধ্যে সাত হাজার ৫২৪ জন সব তথ্য জানাতে চাননি। সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করায় পুলিশ সাইবার সাপোর্ট ১৪ হাজার ৫৫৭ জনের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন ৬৫১ জনের অভিযোগ নিয়ে কাজ চলছে।

সাইবার অপরাধের কারণে সব বয়সী নারীর নিরাপত্তা কমে যাওয়ায় ২০২০ সালের নভেম্বর মাস থেকে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কাজ শুরু করে। তখন থেকে ফেসবুক পেজ, হটলাইন নম্বর ও ই-মেইলে অভিযোগ আসতে শুরু করে। শুরু থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত পুলিশ সাইবার সাপোর্টের ফেসবুক পেজে মোট ২৯ হাজার ৭৮০টি মেসেজ, হটলাইন নম্বরে ৫৬ হাজার ২৬০টি ফোনকল এবং ই-মেইলে ৬৩৫টি অভিযোগ এসেছে।

পুলিশ সাইবার সাপোর্ট বলছে, হয়রানির শিকার নারীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ শতাংশকে ফেক আইডির মাধ্যমে ব্ল্যাকমেইল (অসৎ উদ্দেশ্য হাসিলে ভয়ভীতি দেখানো) করা হয়। সংখ্যায় তাঁরা ৯ হাজার ৭১৪ জন। এ ছাড়া অন্য কৌশলে তিন হাজার ৭৬২ জন নারীকে ব্ল্যাকমেইল করা হয়। আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছেন দুই হাজার ৭৮২ জন নারী এবং আপত্তিকর কন্টেন্ট শেয়ারের মাধ্যমে দুই হাজার দুজন নারীকে হয়রানি করা হয়।

সাদিয়া (ছদ্মনাম) ফেসবুকে ফেক আইডি থেকে হয়রানির শিকার হন। আইডি থেকে তাঁর ছবি এডিট করে বিভিন্ন পেজে ছড়িয়ে দেওয়া হয়। মেসেঞ্জার চ্যাটেও অনবরত ছবি দিয়ে ব্ল্যাকমেইল চলতে থাকে। তবে এ বিষয়ে পুলিশে অভিযোগ করেননি তিনি।

পুলিশে অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, ‘তখন মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়েছিলাম। বাইরে বের হলে মনে হতো, আমাকে কেউ অনুসরণ করছে। পুলিশে অভিযোগ দিলে কোনো প্রতিকার হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। প্রচণ্ড ভয় হতো সব সময়। আমার মনে হয়েছিল, যত দ্রুত সম্ভব এটি বন্ধ করতে হবে।’ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘ইন্টারনেটে হয়রানির শিকার ৯০ শতাংশের বেশি নারী মামলা করতে চান না। পররর্তী সময়ে আমরা তাঁদের সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার জন্য বোঝানোর চেষ্টা করি। ভুক্তভোগীরা মূলত পরিবারকে বিষয়টি জানাতে চান না। পরিবার তাঁদের এ ব্যাপারে সমর্থন দেবে না বলে ধরে নেন তাঁরা। একই সঙ্গে ইন্টারনেটে নিরাপত্তা নিয়ে কোনো পরিষ্কার ধারণা না থাকায় সহজেই ফাঁদে পড়ছেন কিশোরী থেকে সব বয়সী নারী।’

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন