POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডাকাতিয়ার তীরে তিন শিক্ষাতরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

বিজ্ঞান ও গণিতকে সহজ এবং মূল্যবোধ তৈরি করতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে ভাসছে তিন শিক্ষাতরী। গত কয়েকদিন ধরে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছুটে যান এমন ব্যাতিক্রমী শিক্ষা কার্যক্রম দেখতে। ৫০ বছর ফূর্তি উপলক্ষে ব্র্যাক শিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা মুলক শিক্ষা তরী প্রকল্প এটি। সুনামগঞ্জ থেকে শুরু হওয়া শিক্ষাতরী এখন চাঁদপুরে। এখানে পৃথক দুটি স্থানে থাকবে প্রায় ১৫/২০ দিন। তারপর লক্ষীপুর জেলাসহ বেশ কটি জেলার তীরে ভীড়বে তিন শিক্ষাতরী।

শিক্ষাতরী দেখতে ছুটে আসা শিক্ষার্থীরা বলছেন, পাঠ্য বইয়ে পড়া মুখস্থ করেছি। এখানে এসে গণিত ও বিজ্ঞানের ব্যবহারিক দেখে ভালো লাগছে। বাস্তবমুখী এমন শিক্ষা কর্যক্রম খুবই প্রয়োজন।

মূল্যবোধ সম্পর্কে চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষার্থী এবায়েদুর রহমান ও তানিয়া আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খেলার ছলে মূল্যবোধ শেখানো হয়। শুধু প্রদর্শনী নয়, প্রতিটি তরীতে দুইজন শিক্ষক রয়েছে। তারা আমাদের প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছেন।

শিক্ষাতরীতে দুইজন করে মোট ছয়জন শিক্ষক রয়েছেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত এই তরীগুলো। কেউ অভিভাবক, আবার কেউ শিক্ষকদের সাথে দল বেঁধে নিয়মিত আসছে। তবে বিদ্যালয়ে পড়ুয়া ছাড়াও নদীর পাড়ে বা নদীতে ভাসমান জনগোষ্ঠীর কিছু শিশু-কিশোরের দেখা মিলে এই শিক্ষা তরীতে।

দায়িত্বে থাকা শিক্ষিকারা প্রতিবেদককে বলেন, চাঁদপুরে এসে যেন শিক্ষাতরীর স্বার্থকতা খুঁজে পেয়েছেন। কারণ কখনও স্কুলে যায়নি, এমন কিছু শিশু-কিশোর বিজ্ঞান-গণিত-মূল্যবোধ দেখে বিদ্যালয়ে ভর্তি হবার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষার্থী বেশি হলে ১৫/২০ জন করে ব্যাচ ভিত্তিক ধারণা দেয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেলো তিনটি শিক্ষাতীর মধ্যে গণিতে যোগফল, ভাগ, গুণ, পিথাগোরাসের উপপাদ্য, পাই এর পরিমান, বৃত্তের ক্ষেত্রফল,ভারসাম্যের খেলা, ত্রিভুজের তিন কোণ, টাওয়ার অব হয়ানয়,মিসিং স্কয়ার, ম্যাজিক স্কয়ার, ভগ্নাংশের চিত্র রয়েছে।

মূল্যবোধ তরীতে রয়েছে, শিক্ষণীয় দেয়াল চিত্র, বিভিন্ন খেলার মাধ্যমে সহমর্মিতার চর্চা এবং শিক্ষা গ্রহণের সুযোগ, জেন্ডার, পরিবেশ, মানসিক সুস্থতা বিষয়ক পাজল, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে সমস্যা সমাধান, মাল্টিমিডিয়া ব্যবহার করে মূল্যবোধ সংক্রান্ত গল্প উপস্থাপন, মূল্যবোধের উপর তৈরি বিভিন্ন গল্পের বই পড়ার জন্য নির্দিষ্ট কর্নার।

বিজ্ঞান তরীতে রয়েছে, পরীক্ষণ ও খেলার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন তথ্য ও তত্ত্বের প্রয়োগ, বাস্তব উপকরণ পর্যবেক্ষণ ও হাতে-কলমের চর্চার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের সমাধান, বিজ্ঞানের বিভিন্ন ধারণা এবং বিজ্ঞানীদের সম্পর্কে শিক্ষনীয় দেয়াল চিত্র, পেরিস্কোপ এর সাহায্যে দৃষ্টি সীমার বাইরের বস্তু দেখা, ক্যালাইডোস্কোপ ও ট্যানগ্রামের সাহায্যে মজার মজার নকশা তৈরি করার সুযোগ।

কথা হয় প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়ের সাথে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুনামগঞ্জ থেকে শুরু হওয়া এই কার্যক্রম সুনামগঞ্জে গিয়ে শেষ হবে। ইতোমধ্যে কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া শেষ হয়েছে। চাঁদপুর থেকে লক্ষীপুর, ভোলা, ঝালকাঠি, বরিশাল,গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ হয়ে সুনামগঞ্জ যাওয়া হবে।

শুক্রবার চাঁদপুরে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ব্র্যাকের তিন শিক্ষাতরী উদ্বোধন করেন।৷ ওইসময় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা রুপান্তর হচ্ছে। তারই অংশ হিসেবে ব্র্যাকের এমন একটি উদ্যোগ। নতুন শিক্ষাক্রম এরকমই। আমরা হাতে কলমে শিখানোর চেষ্টা করছি।

ওইসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক সাফি রহমান খান, প্রোগ্রাম হেড প্রপুল্য চন্দ্র বর্মণ ও প্রোগ্রাম অর্গানাইজার সোহেল মোল্লা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন