চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামে বৃদ্ধ সুক্কুর আলী খান (৬৫) কে প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ মহিউদ্দিন খান বাদী হয়ে ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগম সহ ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর মান্নান খান, তার ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম ও রাবেয়া জানান, মান্নান খান ও তার তিন ছেলেরা শুক্কুর খানকে গুরুতর মারধর করে। পরে সবাই এসে উদ্ধার করে শুক্কুর খানকে হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদী ছেলে মো. মহিউদ্দিন। তিনি বলেন, অনেক আগে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। বিষয়টি সমাধানও হয়। এরপর থেকে তারা হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার সকালে তার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় তাদের হামলার শিকার হয়। বাবার চিৎকার শুনে এসে দেখি তারা লাঠি দিয়ে পিটাচ্ছে।
নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, রাস্তায় গিয়ে দেখেন তার স্বামীকে লাঠি ও ইটপাটকেল দিয়ে মারছে। ঘটনাস্থলেই স্বামী মারা যান বলে তার দাবী।
মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত রিপোর্ট আসার পর সঠিক তথ্য জানা যাবে।