POPULAR BD NEWS
Popular BD News Logo

আবারও বাড়তে পারে শীত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

কয়েক দিন বাড়ার পর তাপমাত্রা কমে শীত বেড়েছে। এই শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৯ জানুয়ারি) দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। একই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের স্থলভাগ থেকে এক হাজার ৫০০ কিলোমিটারের মতো দক্ষিণে রয়েছে। এ জন্য বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে। এর আগে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকালের দিকে ঢাকার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। সকাল ১১টার পর কুয়াশা কেটে রোদের দেখা মেলে। তবে ঘন কুয়াশা রয়েছে উত্তরাঞ্চলসহ অন্যান্য অঞ্চলেও। কুয়াশার আধিপত্য সোমবার থেকে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন