নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহী মারা গেছেন। এ সময় সিএনজিচালকসহ আরও তিন আরোহী আহত হন।
বুধবার রাত ৮টার দিকে সুবর্ণচর টু সোনাপুর সড়কের মন্নান নগরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা বিশাদ জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে যাত্রীবাহী একটি সিএনজি নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৮টায় সিএনজিটি মন্নাননগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে আকস্মিক গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। তখন গাড়ির বেপরোয়া গতি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায় সিএনজি।
এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিন উল্যাহ মাসুদ মারা যান। এতে আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত যুবকের মরদেহ এবং দুর্ঘটনার শিকার সিএনজি থানায় নিয়ে যায়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
E/N