ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর হাজারী গলিতে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার ওষুধের এ পাইকারি বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি নেই এমন অবৈধ ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে এবং একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের দরজা ভেঙে ভেতরে থাকা তিন বস্তা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের মূল্য ৩০ লাখ টাকার বেশি হবে বলে ওষুধ প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।