নোয়াখালীর কবিরহাটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। ১৯ ডিসেম্বর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত যুবক সাজু ভিকটিম শিশুকে ২টি সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে আরও সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে ভিকটিমকে ধর্ষণ করে সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে অভিযুক্ত সাজু দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সেখান থেকে নির্যাতিতা শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান।