POPULAR BD NEWS
Popular BD News Logo

ছক্কা বাঁচাতে গিয়ে ক্যামেরাম্যানের সাথে ধাক্কা খেলেন নাজমুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

মাশরাফি বিন মুর্তজার গুড লেন্থ ডেলিভারিটি ফ্লিক শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে ওড়ালেন ডেভিড ম্যালান। সেখানে ঠিক সীমানার ওপরে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ছিলেন নাজমুল হোসেন।

এর পর যা ঘটল, সেটি খানিকটা বিনোদনই দিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের। বিনোদন পেয়েছেন হয়তো টেলিভিশনের সামনে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দেখতে বসা দর্শকেরাও।

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘটনাটি ঘটেছে টস হেরে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়ানসের ইনিংসের চতুর্থ ওভারে।

মাশরাফির বলে ম্যালানের খেলা শটটি গেছে নাজমুলের দিকে । খানিকটা বাঁ দিকে সরে বলের নিচে চলে যান নাজমুল, ওপরের দিকে শূন্য ভেসে বলের নাগালও পান।

তবে বল হাতে জমাতেই বুঝতে পারেন ধরে রাখতে পারবেন না। বল ভেতরে ছুড়ে দিয়ে নিজের শরীর ভাসিয়ে দেন পেছনের দিকে।

আর পেছনে মাটিতে পড়তে গিয়েই বাঁধে বিপত্তি। নাজমুলের ঠিক পেছনে দাঁড়িয়ে ডাগআউট ও গ্যালারির দৃশ্য ধারণ করছিলেন খেলা সম্প্রচার করা চ্যানেলের এক ক্যামেরাম্যান। ক্যামেরা মাঠের বাইরের দিকে তাক করে থাকায় বুঝতে পারেননি কী ঘটতে চলেছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো নাজমুলের শরীরের ধাক্কায় পড়ে যান ক্যামেরাম্যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন