চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার ৪শ’ জন কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও সন্মানি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেয়া হয়।
ওইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন ক্র্যাকপ্লাটুন কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুদ্ধকালিন নৌ-কমান্ডার শাহজাহান কবির বীর প্রতীক, এফএফ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়র আব্দুর রব ভুঁইয়া ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুরের সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, জেলা পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনন্দধ্বনী সংগীত শিক্ষায়তনের শিল্পীরা।