POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবা মিশে গেল পদ্মার জলে : চঞ্চল চৌধুরী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের চঞ্চল কান্নায় ভেঙে পড়েন। বাবার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেতা।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

চঞ্চল লিখেছেন, ‘২৭ ডিসেম্বর রাতে,বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে,ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে,পদ্মার জলে। ’

অভিনেতা আবেগস্পর্শী বাক্যে লিখেন, ‘সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম,তখন ভুলেই গেছিলাম যে,বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়ি ময়,ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে,চঞ্চল…বাবা ঘুমাইছো?’

স্মৃতি উল্লেখ করে বলেন, ‘বাবার কোনও কথা আর কোনও দিন কানে বাঁজবে না,বাবাকে দেখতে পাবো না,এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না। যখন এই কথা গুলো লিখছি,শীতের এই সকালে,বাবার শাল টাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো।

চঞ্চল চৌধুরী চরম বাস্তবতাকে গ্রহণ করে বলেন, ‘রোদের উষ্ণতা নয়, বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে। ’

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে চঞ্চল বলেন, ‘বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন,শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন,তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। ’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন