POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের ইসমাইল নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ | সময়: ২:৫৯ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন রাসেল (৩৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ইসমাইল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেনর ছেলে।

গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইসমাইলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা ও এক সন্তানের জননী স্ত্রী হাফসা আক্তার।

ইসমাইলের পরিবার জানায়, ইসমাইল সৌদি আরবের জিজান প্রদেশে সেন্ট্রাল এসির কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন তিনি। পথে সৌদি আরব সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ইসমাইলের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।

ইসমাইলের বাবা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন বলেন,‘গত ৮ মাস আগে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। একটি নাতি আছে, কখনো ভাবিনি এ খবর শুনতে পাব। আমার ছেলের লাশ ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই।’

ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।’

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন