হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা রশিদ হাওলাদার বাড়ীতে জমির মধ্য দিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। বাকিলা ইউনিয়ন গোগরা রশিদ হাওলাদার বাড়ির জন্য জোরপূর্বক প্রতিপক্ষের সম্পত্তিতে যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়।
গত মঙ্গলবার ভোর থেকে দ্রুত রাস্তা নির্মাণ করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী আবুল কালাম হাওলাদার বলেন, সেহেরির পর পরিকল্পিতভাবে মুসা হাওলাদার গংরা তড়িঘড়ি করে রাস্তা নির্মাণ করে ফেলে।
অথচ সম্পত্তির মালিক আমরা।
তিনি আরো জানান, ২০১১ সাল থেকে রাস্তায় নেয়ার জন্য বিভিন্নভাবে তালবাহানা করে আসছে। আমাদের সাথে কোন সমন্বয় না করায় আমরা ২০১৮ সালে চাঁদপুর আদালতে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। ওই মামলা আদালতে চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে সম্পত্তিতে কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত না থাকতে এবং স্থিতাবস্থা বজায় রাখার আদেশ জারি করেন।
আবুল কালামের ভাই শহীদ হাওলাদার বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমাদের বাড়ির চারপাশে লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র হাতে দলবল দাঁড় করে রেখেছে। এমনকি আমাদের বাড়ি থেকে বের হতেও বাধা প্রধান করে। ফলে আমরা তাৎক্ষণিক প্রশাসন বা আইনের আশ্রয় নিতে পারিনি।
জানতে চাইলে মামলায় অভিযুক্ত সবুজ হাওলাদার, সোহাগ হাওলাদার ও মুসা হাওলদার পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, দীর্ঘ ৫০ বছর পর আমাদের বাড়ির রাস্তার বিষয়টি সুরাহ হয়েছে। এলাকার কয়েকজন বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে। আমরা সম্পত্তির ক্ষতিপূরণ দিতে রাজি আছি।