POPULAR BD NEWS
Popular BD News Logo

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা। অন্যদিকে ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এবার টানা তৃতীয়বারের মতো এই পদে দায়িত্ব পেলেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনে।

সারা দেশে দেশে কাউন্সিলর ও ডেলিগেটের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর পরিষদের সদস্যরা সম্মেলনে যোগ দেন। এ ছাড়া দলের সাধারণ সম্পাদকসহ দলের কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া একটায় প্রথম অধিবেশন শেষ হয়।

প্রথম অধিবেশন মুলতুবি ঘোষণার সময় শেখ হাসিনা বলেন, আমাদের দ্বিতীয় অধিবেশন শুধুমাত্র কাউন্সিলরদের জন্য। আমাদের এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে। নতুন কমিটি গঠন হবে। তার জন্য নির্বাচন কমিশনও আমরা গঠন করেছি। সেই নির্বাচন কমিশন বসবে এবং নাম প্রস্তাব হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আসবে।

তিনি আরও বলেন, আজ থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন