POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকচাপায় প্রাণ গেল মামা-ভাগ্নের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৪:৩২ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা মাসুদ রানা (২৮) ও ভাগ্নে শাকিব (২০) নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজার জনতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে জনতা।

নিহত মাসুদ রানা পার্টসের ব্যবসায়ী এবং উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে। ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে। স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে মামা-ভাগ্নে ভালুকা উপজেলার বাটাজোড় যাওয়ার পথে সখীপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরমাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে একই সঙ্গে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন