POPULAR BD NEWS
Popular BD News Logo

মোটরসাইকেল রেস দিতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২ | সময়: ৪:১২ অপরাহ্ণ

কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।

শনিবার রাত ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাব্বির (২০) ও আসলাম (২১)। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র। তিনি শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আসলাম শোমসপুর আবুতালেব ডিগ্রি কলেজের ছাত্র। তিনি একই গ্রামের আলী আজমের ছেলে।

শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তারা মারা যান। এ দুর্ঘটনায় নিহতদের বন্ধু রাসেল (২০) এবং নছিমন যাত্রী ও ব্যবসায়ী মহিন (৫৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র আসিফ জানায়, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে শোমসপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যান।

খোকসা থানার এএসআই আজিজ বলেন, ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল তারা পেয়েছেন। সেটি স্থানীয় মাদ্রাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কেউ মামলা দেয়নি।

 

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন