POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘন কুয়াশার কারনে একদিনেই ১৮টি সড়ক দুর্ঘটনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ
সড়ক দূর্ঘটনা

ঘন কুয়াশার কারণে পৃথক ১৮টি দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা, সদর উপজেলার মাদারজানি এলাকা ও ভূঞাপুরের জগৎপুরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫-১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

ভুঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে কলেজছাত্র ইশরাক (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া টাঙ্গাইল শহর থেকে এক যুবক মোটরসাইকেলযোগে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হন। তার নাম-পরিচয় জানা যায়নি।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন