প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেনাসদস্য নাইচ আলী দুই সন্তানের জনক। মেয়ের বয়স তিন আর ছেলে নবজাতক। আজ বাড়িতে নবজাতক ছেলের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সকালে বাড়িতে গরু জবাই করে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মাংস বিলি করেন। দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। ছেলের আকিকার বাজার করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পৌর শহরের উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। তখন পেছন থেকে আসা আক্কেলপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাইচ আলী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন বলেন, ‘আমি ভ্যানে উঠে আক্কেলপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে সিঙ্গার শোরুমের কাছে হঠাৎ একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, বাসচাপায় সেনাসদস্য নাইচ আলী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।