বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফের সামনে শাহরুখের ছবি ভাইরাল হয়েছে। সেসব ছবিতে তাঁর ভক্তরা একের পর এক মন্তব্য করছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আমিই এটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছি। আল্লাহ তাঁকে আর তাঁর পরিবারকে সব সময় রক্ষা করুক।’
আরেক ভক্ত লিখেছেন, ‘এই পুণ্যস্থানে যাওয়ার যে ইচ্ছা তাঁর ছিল, তা পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি।’ আরেকজন লিখেছেন, ‘আল্লাহর কাছে দোয়া করি যেন শাহরুখের ওপর এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত, আমরা সবাই তা–ই চাই’। শাহরুখের ভক্তরা নিজেদের প্রার্থনা পৌঁছে দিতে চাইলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কেউ লিখলেন, ‘ইনশা আল্লাহ, আমাদের সবার দোয়া কবুল করুন আল্লাহ।’ কেউ আবার শাহরুখকে উদ্দেশ করেই লিখলেন, ‘মাশ আল্লাহ…’!
এর আগের দিন আরেকটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ। বুধবার শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করেছিলেন শাহরুখ। ঝাঁ ঝাঁ রোদে কালো কোট, কালো চশমা পরা শাহরুখের ঠোঁটের কোনায় ছিল মৃদু হাসি। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন ‘ডাঙ্কি’-র কাজ করে মন ভালো হয়ে গেল। সৌদিতে এত আরামে শুটিং করেছি। এর চেয়ে আর আনন্দের কী হতে পারে!’
এখানে শুটিংয়ের অনুমতি দেওয়ার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শাহরুখ। ধন্যবাদ দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানি এবং সহকর্মীদেরও।
এরপর শাহরুখ খানকে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। সম্প্রতি এই অ্যাকশন থ্রিলারের পোস্টারও প্রকাশ্যে এনেছেন তিনি, যাতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’ ছাড়াও শাহরুখের হাতে আছে আটলির ‘জওয়ান’, যা মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালেরই ২ জুন। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতিও। সামনের বছরের শেষে আসার কথা আছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’।