১০ দফা দাবিতে চাঁদপুরে চলছে নৌযান কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এর ফলে সারা দেশের সঙ্গে শনিবার রাত ১২টা থেকে চাঁদপুরের লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে এসে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
লঞ্চশ্রমিকেরা জানান, ‘মালিকপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের শ্রমিকদের চুক্তি ছিল পাঁচ বছর পর পর আমাদের বেতন–ভাতা বাড়ানো হবে। কিন্তু ২০২১ সালে তা নানা কারণে বাড়েনি। ২০২২ সাল চলে যাচ্ছে। কিন্তু মালিকপক্ষ ও শ্রম মন্ত্রণালয় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য আমরা শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছি। আমাদের বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. মমিন উল্লাহ বলেন, নৌযান শ্রমিকেরা নানা দাবি নিয়ে আন্দোলনের ডাক দেন। ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করাসহ আরও কিছু দাবি আছে তাঁদের। লঞ্চ মালিক, শ্রমিক ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বসে এই সমস্যার দ্রুত সমাধান করবেন।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর