মতলব দক্ষিণে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আসমা আক্তার নামে এক নারী নিহত হয়েছে।
ওই সময় সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।
উপজেলার মতলব-গোরীপুর পেন্নাই সড়কের পাঁচঘরিয়া নামক স্থানে সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসমা আক্তার উপজেলার কাজিয়ারা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রধানের মেয়ে এবং স্বামী পরিক্ত্যক্তা। নিহত ওই নারীর একটি ছেলে সন্তান রয়েছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে উপজেলার আশি্বনপুর বাজার এলাকা হতে নারায়ণপুর বাজারের দিকে একটি সিএনজি পাঁচ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিকে চাঁদপুর সদর এলাকা হতে একটি ট্রাক গৌরিপুরের দিকে যাচ্ছিল। পথে মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘরিয়া ব্রিজের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয় এবং সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা অপর চার যাত্রী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায় ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় আশি্বনপুর এলাকা থেকে ট্রাক ও ট্রাকের ড্রাইভার এবং হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় এলাকাবাসী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, নিহত নারীর লাশ উদ্বার করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।
Ni/N