চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে সাত জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ স্বাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।
রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকায় অভিযানকালে তাদের আটক করেন।
জানা গেছে, উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বলগেটের কর্মচারী ব্যতিত সকল মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ সময় সাত জনকে আটক করা হয়। আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ দুই জনকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা ও অবশিষ্ঠ পাঁচজনকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয়রা বাসিন্দারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Ni/N