“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে চাঁদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এই মেলা রবি ও সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেলায় ৮টি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী ও শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে।
এছাড়াও জেলা পর্যায়ের প্রতিটি দপ্তর তাদের স্ব স্ব ডিজিটাল সেবা তুলে ধরেন। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর ৪টি প্যাভিলিয়নে ক্যাটাগরি ভিত্তিক ৭০টি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানরা।
Ni/N