POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২ | সময়: ১০:৪৯ অপরাহ্ণ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু করেছিল পাকিস্তান। তবুও বাবর আজমের দলের আশা ছিল পরের ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফেরার। কিন্তু শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের কাছে ১ রানে পরাজিত হয় পাকিস্তান। এই হারে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপ থেকে কি ছিটকে পড়বে পাকিস্তান?

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। অধিনায়ক ক্রেইগ আরভিনের দল পায় ১ রানের শ্বাসরুদ্ধকর জয়।

ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয়ে দুই পয়েন্ট পায় ডেভিড হটনের শিষ্যরা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচ থেকে তারা অর্জন করে ১ পয়েন্ট।

সুপার টুয়েলভে ‘গ্রুপ ২’য়ে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পাকিস্তান। ফলে টেবিলের তলানিতে পড়ে আছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে এসেছে।

দিনের আরেক খেলায় ভারত ৫৬ রানে নেদারল্যান্ডসকে ও বাংলাদেশকে ১০৪ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশও নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করেছিল।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন