আর মাত্র ৫ দিন বাকী। তারপরই ইলিশ মাছ ধরতে পদ্মা-মেঘনায় নামবে জেলেরা। কিন্তু একশ্রেণির জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নামছে।
গত ২৪ ঘন্টায় ইলিশ শিকারের অপরাধে ৩০ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে এক জেলেকে এক বছর ও ১৩ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকীদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আকতার। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, ওইসময় সাতটি নৌকা ও ১৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।