জেলা পরিষদের নির্বাচনে চাঁদপুরের শাহরাস্তিতে সাধারণ সদস্য প্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও আরেকজন প্রার্থী একটি ভোট পেয়েছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে জেলা পরিষদের নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
এতে চাঁদপুর-০৮ (ওয়ার্ড) শাহরাস্তি উপজেলায় সাধারণ সদস্য পদে মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে শূন্য ভোট পেয়েছেন। অপর প্রার্থী মোঃ ইব্রাহীম খলিল ১টি ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, অনুষ্ঠিত নির্বাচনে ৮ নং ওয়ার্ডে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য প্রার্থী ৫ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ১শ ৪৯ জন। সাধারণ সদস্য পদে ৬২টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিকেট ব্যাট প্রতীকের প্রার্থী মোঃ জাকির হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। তিনি আরও জানান, এ নির্বাচনে প্রার্থী নিজে ভোটার না হওয়ায় শূন্য ভোট পাওয়া অমূলক কিছু নয়।