ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে ৩২ জেলেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে ১০ জেলের মধ্যে ৮জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। তারপর বুধবার দুপুর পর্যন্ত আরো ২২ জেলেকে আটক করা হয়। মোট ৩২ জেলেকে আটকের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করেন চাঁদপুর নৌ-থানা পুলিশ।
১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর, ইয়াকুব বেপারী, নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ রুবেল, মাহাবুব বেপারী, সজল চন্দ্র দাস ও নজরুল ইসলাম। মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া দুই কিশোর জেলে মোহাম্মদ শাহেদ ও রাজীব হোসেন।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৬৭ টি ইলিশ গরীবদের মাঝে বিতরণ এবং ইঞ্জিনচালিত নৌকাটি নৌ-পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।