POPULAR BD NEWS
Popular BD News Logo

সবাইকে সাশ্রয়ী হতে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ | সময়: ৬:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেছেন, ‘একের পর এক সেতু ও সড়ক-মহাসড়ক নির্মাণের ফলে এখন মোংলা বন্দর আমাদের খুব কাছে এসে গেছে। সেই সাথে আমাদের স্থলবন্দর বেনাপোল, ভোমরাসহ কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চলগুলো আরো উন্নত হবে। ’

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু এবং শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক যোগাযোগের পথ পরিক্রমায় তাঁর সরকারের প্রচেষ্টা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদের চট্টগ্রাম এবং মোংলা সমুদ্রবন্দর একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে উঠবে’ তিনি এই সেতু দুটি নির্মাণে সহযোগিতার জন্য বন্ধুপ্রতিম দেশ জাপান এবং সৌদি আরবকে ধন্যবাদ জানান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশ হিসেবেই এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী এ সময় করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞার পরিক্ষেতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সমগ্র দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে না রেখে সার্বিক উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, যুদ্ধের ফলে সমগ্র বিশ্বই আজকে কষ্ট ভোগ করছে। সে জন্য আমাদের আবেদন থাকবে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, মানুষের উন্নতি চাই।

তিনি বলেন, এই যুদ্ধে অস্ত্র বিক্রি করতে গিয়ে বা অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় সে অর্থ সমগ্র বিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। তাদের শিক্ষা, চিকিৎসা এবং উন্নত জীবনের জন্য ব্যয় করা হোক, সেটাই বিশ্ববাসীর কাছে আমি আহ্বান জানাই।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা সকলে মিলে নিরলস পরিশ্রম করে যাব, এটাই হোক আমাদের অঙ্গীকার।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন