চাঁদপুরে ১ হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকালে জেলার মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকার একটি গোডাউন থেকে এসব তেল জব্দ করা হয়।
দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, পরবর্তীকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহর উপস্থিতিতে জব্দ চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
Ni/N