হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইভা নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মাসুদ হোসেনের মেঝো মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলাধূলা করছিল শিশু নুসরাত জাহান ইভা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকট আত্মীয় মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে শিশুদের সাথে বাড়ির উঠানো খেলাধূলা করছিল ইভা। এ সময় খেলাধূলার এক ফাঁকে শিশু ইভা পুকুরের পানিতে ডুবে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নুসরাত জাহান ইভা মারা গেছে।